
মেটার বহুল আলোচিত মিক্সড রিয়েলিটি চশমা ফিনিক্স-এর বাজারে আনার কাজ আরও পিছিয়ে গিয়েছে। প্রতিষ্ঠানটি আগের পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ডিভাইসটি আনতে চাইলেও এখন লক্ষ্য করছে ২০২৭ সালের প্রথম ছ’ মাসকে।
প্রযুক্তি সংশ্লিষ্ট এই বিলম্বের বিষয়টি নিশ্চিত করেছেন মেটার রিয়েলিটি ল্যাবস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাহের সাবা, কর্মীদের উদ্দেশে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠিতে।এদিকে মেটার মেটাভার্স বিভাগের দুই শীর্ষ কর্তা গ্যাব্রিয়েল অউল ও রায়ান কেয়ার্নস আরেকটি নোটে জানিয়েছেন, পেছনে যাওয়ার সিদ্ধান্তটি ছিল প্রয়োজনীয়। তাদের ভাষায়, ফিনিক্সে বেশ কিছু জটিল ও উন্নত ফিচার একই সঙ্গে তৈরি হচ্ছে।সময় খুব কম ছিল। তাই অভিজ্ঞতায় কোনো ধরনের আপস করা যাবে না।তারা আরও জানিয়েছেন, চূড়ান্ত ডিভাইসটি যেন পুরোপুরি নিখুঁত, স্থিতিশীল ও নির্ভরযোগ্য হয়,সে লক্ষ্যেই সময় বাড়ানো হয়েছে। মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি।সূত্র বলছে,ফিনিক্স দেখতে অনেকটা গগলসের মতো এবং এতে আলাদা একটি পাওয়ার প্যাক বা পাক থাকবে। ডিভাইসটি দেখেছেন এমন দুই কর্মী জানিয়েছেন,নকশায় এটি অ্যাপলের ভিশন প্রোর মতো হলেও আরও হালকা।ডিভাইসটি যাতে অতিরিক্ত গরম না হয়,সেজন্যই আলাদা পাওয়ার প্যাক ব্যবহার করা হয়েছে।
এদিকে মেটা ২০২৬ সালে লিমিটেড ভার্সণের আরেকটি ওয়্যারেবল ডিভাইস,মালিবু টু আনার প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে,এটি মেটার নতুন এআই–মিক্সড রিয়েলিটি ইকোসিস্টেমের অংশ হবে।









