
ভোটের আগে বিহারে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি পরিবারতন্ত্র নিয়ে আরজেডি এবং কংগ্রেসকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, বিহারের উন্নয়ন থামবে না, একই সঙ্গে আরজেডি এবং কংগ্রেসের শাসনকালকে জঙ্গলরাজ বলেও কটাক্ষ করেছেন তিনি।
বিহারে গিয়েই প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন,জঙ্গলরাজ তৈরি করা দলগুলি আবার ক্ষমতা দখলের চেষ্টা করছে।তাঁর কথায়, আগে বিহারের কী অবস্থা ছিল, তা আজকের তরুণ প্রজন্ম শুধু শুনেছে।বিহারে এনডিএ সরকার ক্ষমতায় এসে অনেক উন্নতি করেছে।তবে সেই উন্নয়নের গতি থামবে না বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়,বিহারের অগ্রগতি নিশ্চিত করতে, অবশ্যই উন্নয়নের গতি বজায় রাখতে হবে। মোদী শান্তিতে ঘুমাবে না,সকলের জন্য কাজ করে যাবেন। সকলেই তাঁর পরিবার। একইসঙ্গে বিহারের সিয়নের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন এনডিএ সরকারের উন্নয়নের কথা বলেছেন, তেমনই একযোগে লালুপ্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসকেও আক্রমণ করেছেন। তাঁর কথায়, আরজেডি এবং কংগ্রেস পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ-এ বিশ্বাসী। কংগ্রেসরাজই ভারতের দারিদ্র্যের জন্য দায়ী। দলের নেতাদের পরিবার যত ধনী হয়ে ওঠেন, মানুষ ততই গরিব হতে থাকেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রাদায়গুলি এর সবচেয়ে বড় শিকার।উল্লেখ্য,চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই বিহারে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ সরকার।






