
বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁদের দুজনের সাক্ষাৎ হয়েছে।
সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। এছাড়া তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর, সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিত করা, জুলাই-অগাস্ট গণ-অভুত্থানে আহত ছা-জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানান ওয়াকার-উজ-জামান।
জানা গিয়েছে, দেশের সেনা প্রধানের ভূয়সী প্রশংসা করেছেন ইউনূস। তার আশা, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারি এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।









