
মুম্বইয়ের মুলুন্ডে শনিবার ভেঙে পড়েছিল মেট্রোর নির্মীয়মাণ পিলারের একাংশ। দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। এ বার সেই ঘটনায় এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্যজিৎ সালভেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।
এ ছাড়াও সম্পূর্ণ মেট্রো কাঠামোটির সুরক্ষা নিয়ে একটি বিস্তারিত অডিটের নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার এবং কনসালটেন্টদের ছয় কোটি টাকা জরিমানা করা হয়েছে। প্রজেক্ট ডিরেক্টর-সহ ঠিকাদারের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মুলুন্ড এলাকায় মেট্রোর জন্য ফ্লাইওভার তৈরির কাজ চলছে জোরকদমে। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ এলবিএস রোডের ফ্লাইওভারের কাছে পিলারের উপর থেকে কংক্রিটের একটা চাঁই ভেঙে পড়ে নীচে। দুর্ঘটনায় মৃত্যু হয় রামধান যাদব নামে এক ব্যক্তির। মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয় মুম্বই সরকারের পক্ষ থেকে।









