
মুর্শিদাবাদের সাগরপাড়া থানায় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম আব্দুর রউফ।
জানা গিয়েছে, রবিবার সকালে সাগরপাড়া থানার জয়পুর এলাকায় রাস্তার পাশে ওই সিভিক ভলেন্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশেই পড়েছিল তাঁর মোটরসাইকেলটি। মৃতের পরিবারের দাবি, সৎ পথে চলার জন্য তাঁদের পরিবারের সদস্যকে খুন করা হয়েছে।
সাগরপাড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।









