
পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতা প্রশমনের পর মঙ্গলবার সকালে পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেছেন প্রধানমন্ত্রী।ঘটনাচক্রে, এই বায়ুসেনাঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান।
কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে। শুধু আদমপুর বায়ুসেনাঘাঁটিই নয়, আরও কয়েকটি বায়ুসেনাঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান।সব ক’টি হামলাই ব্যর্থ করেছে সেনা।পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত এবং পাক হামলা দক্ষতার সঙ্গে রুখে দেওয়ায় তিন বাহিনীর প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। এ বার খোদ তাঁদের সঙ্গেই দেখা করতে বায়ুসেনাঘাঁটিতে গিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এরপরেই,এক্স হ্যান্ডলে বায়ুসেনাঘাঁটিতে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন মোদী।
তিনি লিখেছেন ,মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে গিয়ে ছিলেন। দেশের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করেছেন। যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে, বাহাদুরির সঙ্গে লড়াই করেছে, তাদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। তারা দেশের সুরক্ষার জন্য সর্বদা তৈরি।আদমপুরের বায়ুসেনাঘাঁটি থেকে দিল্লিতে ফিরেই ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ সামরিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।






