
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় পশ্চিমবঙ্গে ব্যাপকহারে দুর্নীতি হয়েছে। গরিব মানুষের টাকা তৃণমূলের পার্টি কর্মীদের পকেটে ঢুকেছে।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি এও বলেছেন, যাঁরা দুর্নীতি করেছে তাঁদের চিহ্নিত করে রাজ্য সরকার পদক্ষেপ করুক। কেন্দ্র টাকা দিতে তৈরি। পাল্টা তৃণমূল সাংসদের বক্তব্য, যেখানে দুর্নীতি হয়েছে সেখানে তদন্ত হোক, টাকা আটকানো হোক। কিন্তু পুরো রাজ্যে টাকা আটকানো উচিত নয়। নির্মলা বলেছেন, গ্রামীণ আবাস যোজনায় ২০১৬ থেকে ২৫ হাজার কোটির বেশি টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা করা হয়েছে। এরপর সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি কোথাও কোনও বেনিয়ম হয়ে থাকে তাহলে সেখানে তদন্ত হোক। একটা দুটো জায়গার জন্য পুরো রাজ্যের টাকা আটকানো হচ্ছে। এক লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে।
যেখানে দুর্নীতি হয়েছে সেখানকার টাকা আটকানো হোক। কিন্তু পুরো টাকা আটকানো উচিত নয়।








