
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় তাঁর দূর দৃষ্টিভঙ্গি দিয়ে কল্যাণীর মত শহর গড়ে তুলেছিল, যেখানে আজকে এইমস প্রতিষ্ঠিত।
কল্যাণী এইমস-র প্রথম সমাবর্তন অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ডক্টর বিধনচন্দ্র রায়, যিনি তাঁর জীবনকালে বহু খ্যাতি অর্জন করেছেন সমাজের সর্বস্তরের মানুষের সেবা দিয়ে। একইসঙ্গে তাঁর মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েও ডক্টর বিধানচন্দ্র রায় বহু সমাজ কল্যাণকর কাজ করেছেন। কল্যাণী এইমস-র সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণী এইমস-র সমাবর্তন অনুষ্ঠানের পর সোজা চলে আসেন দক্ষিনেশ্বর কালী মন্দিরে। সেখানে তাঁর সফরসঙ্গী ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও মন্দিরের অছি সম্পাদক কুশল চৌধুরি।দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মা ভবতারিণীকে পুজো দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে মন্দিরকে কালী পুজোর রাতের মত বাহারী আলোয় ঝলমলে করে তোলা হয়।
রাষ্ট্রপতির দেওয়া ফুলের মালা মা ভবতারিণীকে উৎসর্গ করেন সেবায়েতরা। এরপরই মা ভবতারিণীর উদ্দেশ্যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেছেন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে ইতিশ্রী মুর্মু।








