
বিনায়ক সাভারকরকে নিয়ে সত্যি বলার জন্য মহাত্মা গান্ধীর মতো তিনিও খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল গান্ধী।
বুধবার পুণের সাংসদ-বিধায়ক আদালতের বিচারকের কাছে নিজের প্রাণনাশের আশঙ্কা করে উপযুক্ত নিরাপত্তা চেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। দাদুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন বিনায়ক দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর। যিনি আবার জাতির জনক মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসে ও গোপাল গডসের বংশধর। পুণের সাংসদ-বিধায়ক আদালতে ওই মামলা চলছে। বুধবার বিচারকের কাছে এক আবেদনে নিজের প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। আবেদনপত্রে তিনি বলেছেন, তাঁর প্রাণ হুমকির মুখে রয়েছে।
সম্প্রতি তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরি সহ বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন। আগে সাভারকরকে নিয়ে মন্তব্য করেছেন। যার ফলে নিরাপত্তা বড় প্রশ্নের মুখে পড়েছে।








