
বাংলাদেশের উপর দিয়ে কলকাতা-আগরতলা বাস পরিষেবা ফের চালু হতে চলেছে। ইতিমধ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে ত্রিপুরায়। আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
আপাতত দু’-তিন দিন এই রকম ভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে। তার পরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন করে এই বাস পরিষেবা শুরু হবে।কলকাতা-আগরতলা এই বাস পরিষেবা আগেও চালু ছিল। তবে গত এক বছর ধরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝে তা সাময়িক ভাবে বন্ধ হয় হয়ে যায়।এদিকে সম্প্রতি বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতাও কমেছে। এ অবস্থায় শনিবার থেকে ফের ত্রিপুরা থেকে বাংলাদেশের উদ্দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে।
আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার এক কর্তা মনোরঞ্জন দেবনাথ বলেছেন, এই পরিষেবার জন্য নতুন করে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ, দু’দেশের সরকারের মধ্যে এই চুক্তি কখনও বাতিল হয়নি। তিনি জানিয়েছেন,২০০১ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, তার আওতায়েই এই পরিষেবা পুনরায় চালু হচ্ছে।









