
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া সঙ্গী বলে পরিচিত সারজিও গোর ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছে। শুধু ভারত নয়, তিনি আপাতত পাকিস্তান ও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বও সামলাবেন।
৩৯ বছর বয়সি এই ব্যক্তিগত আধিকারিককে ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত বেছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য শুল্ক নিয়ে যখন ভারড-আমেরিকা সম্পর্ক অনেকটাই তলানিতে তখন হোয়াইট হাউসে কার্যত তাঁর এক ব্যক্তিগত সহকারীকে উপমহাদেশের তিন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব অর্পণকে তাৎপর্যপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল। এই তিন দেশের পারস্পরিক সম্পর্কও এখন তলানিতে ঠেকেছে। সারজিও গোরের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতা একাধিক কারণের মধ্যে দুটি হল, গত বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয় কারণ হল, ট্রাম্পের সমৃদ্ধ আমেরিকা প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন হোয়াইট হাউসের এই আধিকারিক। সারজিও গোর জন্মসূত্রে উজবেক। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে জন্ম।
তাঁর পুরো নাম সার্জিও গরকোভস্কি। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ছয় বছর বয়সি গোরকে নিয়ে তাঁর বাবা-মা আমেরিকায় পাড়ি দেন।






