
বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে তার দলের নেতাকর্মী ও সমর্থকরা।
সোমবার দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। অবরোধ শুরুর পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দিন। এরপর আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ,বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’সহ নানা স্লোগানে শাহবাগ চত্বরকে মুখরিত করে তোলেন। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে, টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রবিবার রাত ১০টায় কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।এর আগে ওসমান হাদির মৃত্যুর পর থেকে সংখ্যালঘুদের উপরে লাগাতার হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে।
দীপু দাসকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে ঘরবাড়ি ভাঙচুর, থামার নাম নেই। এর মধ্যেই পিরোজপুরের ডুমরিতলা গ্রামের বাসুদেব সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসুদেব সাহা পিরোজপুর আদালতের আইনজীবী।






