
সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তির জেরে মা, বাবাকে হাতুড়ি দিয়ে মেরে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠছে ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জ থানা এলাকায়। মৃত ওই দম্পতির নাম জগদীশ বিশ্বশর্মা ও শিবপ্যারী। সূত্রের খবর, সম্পত্তি নিয়ে প্রায় প্রতিদিন বাবা ও মায়ের সঙ্গে ঝগড়া হত বড় ছেলে লালার।
গত শনিবার রাতেও তার ব্যতিক্রম হয়নি। এই ঝগড়া চলাকালীন হঠাৎ হাতুড়ি নিয়ে মা, বাবার উপর চড়াও হন লালা। ভারী হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকেন দু’জনকে। এই হামলায় জেরে চিৎকার করতে থাকেন বৃদ্ধ দম্পতি। তাঁদের আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তখন থামেনি নৃশংস মার। গ্রামবাসীদের দাবি, তাঁরা ওই বাড়িতে এলে দেখতে পান রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই দম্পতি। গ্রামবাসীরা ভিড় জমাতেই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত লালা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তড়িঘড়ি ওই দম্পতীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁদের। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই দল গঠন করে খোঁজ শুরু হয়েছে।








