
দেশের পড়ুয়াদের উদ্দেশে সরকার এবং বিরোধীদের একটি যুগ্ম বার্তা দেওয়া উচিত। নিট ইস্যুতে লোকসভায় এমনই দাবি তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
শুক্রবার নিট দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছে লোকসভা।এই মর্মে সকাল থেকেই সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, বিরোধীরা চাইছিল দেশের যুবসমাজের উদ্দেশে সরকার এবং বিরোধীদের একটি যুগ্ম বার্তা যাক। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সেটা চায়নি।এরপরেই নিট নিয়ে বলতে গেলে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছে কংগ্রেস।রাহুল গান্ধী এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার ওম জানিয়েছেন, তিনি সাংসদের মাইক্রোফোন বন্ধ করার কোনও নির্দেশ দেননি। তবে এরপরেই নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের দাবি কার্যত খারিজ করে তিনি বলেছেন, আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হওয়া উচিত। অন্য বিষয়গুলি হাউসে রেকর্ড করা হবে না।অন্যদিকে সংসদের মধ্যে একটি ভিডিও শেয়ার করে কংগ্রেসের অভিযোগ, নিট ইস্যু নিয়ে মুখে কলুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে আওয়াজ তুলতে গেলে তাঁর মাইক বন্ধ করে তরুণদের কণ্ঠ দমন করার ষড়যন্ত্র করা হচ্ছে।









