
সাপে কাটা থেকে স্বামী স্ত্রীর ঝগড়ায় ঝুলে পড়া, যাই হবে এবার থেকে তাতেই পিসি ভাইপো কাঁদবেন। আগরপাড়া, কোচবিহারকাণ্ডে মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
বিরাটিতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়া, বাজ পড়ে মরা, সাপে কাটায় মৃত্যু যাই হোক না কেন তাতেই এঁরা কান্নাকাটি করবেন। বুধবার আগরপাড়ায় এনআরসি আতঙ্কে মৃত প্রদীপ করের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন অভিষেক বন্দ্যেপাধ্যায়। সেখান থেকে কোচবিহারে এসআইআর আতঙ্কে বিষ খেয়ে বৃদ্ধের আত্মহত্যার চেষ্টার অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এর আগে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ১২টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হলেও কোথাও কোনও অভিযোগ নেই। বিহারে তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা বলেছিলেন এসআইআর হলে ভোটে লড়বেন না।
তারাই এখন ক্যাম্পেন করছেন। শুধু এখানে পিসি এবং ভাইপো যন্ত্রণায় রয়েছেন।






