
তেলঙ্গানায় বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ, হেনস্থা বা অযত্নের অভিযোগ উঠলেই, চাকরিজীবী সন্তানের বেতন থেকে কাটা হবে টাকা। এমনই সিদ্ধান্ত নিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
একটি সরকারি অনুষ্ঠানে রেবন্ত জানিয়েছেন, কোনও চাকরিজীবী সন্তান যদি তাঁর বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ বা তাঁদের অযত্ন করেন,তা হলে অভিযোগ পাওয়ামাত্রই ওই কর্মীর বেতন থেকে ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে।ওই টাকাটি সরাসরি চলে যাবে তাঁর বাবা বা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখেও তাঁদের জন্য বিনামূল্যে বিশেষ মোটরচালিত যানবাহন, ব্যাটারিচালিত ট্রাইসাইকেল, ব্যাটারি হুইলচেয়ার, ল্যাপটপ, শ্রবণযন্ত্র, মোবাইল ফোন এবং অন্যান্য উন্নত সরঞ্জাম বিতরণের কথা জানিয়েছেন। এ সংক্রান্ত ঘোষণা করার সময় তিনি বৃদ্ধ বাবা-মায়ের সমস্যা নিয়েও সরব হয়েছেন।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তেলঙ্গানা সরকার প্রবীণ নাগরিকদের জন্য প্রণাম নামে একটি ডে-কেয়ার সেন্টারের প্রস্তুতি নিচ্ছে। ২০২৬-২৭ সালের বাজেট প্রস্তাবেও একটি নতুন স্বাস্থ্যসেবা নীতি চালু করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।









