
ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। মঙ্গলবার ইজরায়েলি বাহিনীর তরফে এই দুই জায়গায় আকাশপথে হানা দেওয়ার কথা জানানো হয়েছে।
তেহরানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইজরায়েল জানিয়েছে, বেইরুটে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপরই এদিকে, ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের নিরাপত্তা আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, রকেট এবং পাঁচটি ড্রোন আছড়ে পড়ে বাগদাদের মার্কিন দূতাবাসে। লক্ষ্যবস্তু এবং হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন দেখে মনে করা হচ্ছে, এর নেপথ্যে ইরানের হাত রয়েছে। অন্যদিকে, ইরাকের রাজধানী বাগদাদের একটি বাড়িতে আকাশপথে হামলা। এই হামলায় মৃত্যু হয়েছে চার জনের। এ ক্ষেত্রেও লক্ষ্যবস্তু এবং হামলার ধরন দেখে মনে করা হচ্ছে, ইজরায়েলই এর নেপথ্যে রয়েছে।








