
বিহারের সংরক্ষণ আইন বাতিলের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে শীর্ষ আদালতে ধাক্কা নীতীশ কুমারের সরকারের।
সম্প্রতি বিহারের সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সরকার পক্ষ। তবে পাটনা হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। উল্লেখ্য, বিহার সরকার তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল। উচ্চ শিক্ষার জন্য এবং সরকারি চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণের সুবিধা পাওয়া যেত। গত বছরের নভেম্বরে বিহারের বিধানসভায় এই সংক্রান্ত আইন পাশ হয়েছিল। ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ যুক্ত করে, মোট ৭৫ শতাংশ সংরক্ষণ থাকছিল সংশোধিত আইনে। তবে চলতি বছরের ২০ জুন পাটনা হাইকোর্ট ওই আইন বাতিলের নির্দেশ দিয়েছিল।আদালত জানিয়ে দিয়েছিল, ওই আইন সংবিধান-বিরুদ্ধ। শুধু তাই নয়, ওই আইন সকলের জন্য সমানাধিকারের শর্তের পরিপন্থী বলেও মন্তব্য করেছিল পাটনা হাইকোর্ট।









