
আরসিবির বিজয়োৎসবে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে বলে আগেই সতর্ক করেছিল পুলিশ। তবু এড়ানো যায়নি দুর্ঘটনা। বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার তদন্তের মাঝেই প্রকাশ্যে এসেছে পুলিশের একটা চিঠি। তাতেই প্রচুর পরিমাণে জনসমাগমের বিষয়টা স্পষ্ট হয়ে গেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
গত ৪ জুন বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার এমএন কারিবাসবন গৌড়া, ডিপাটমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস-এর সচিব জি সত্যবতীকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছিলেন গৌড়া। বিধান সৌধ ও চিন্নাস্বামীর বাইরে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমবে। নিরাপত্তারক্ষীর সংখ্যা কম। ফলে ভিড় সামলানো পুলিশের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে।
চিন্নাস্বামীর বাইরে ১১ জনের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছিলেন, স্টেডিয়ামের বাইরে প্রায় দু লক্ষ সমর্থক জড়ো হয়েছিলেন। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। জানা গেছে, স্টেডিয়ামের বাইরে ৫০০০ জন পুলিশক্সী ছিলেন। তাঁরা ভিড় সামলাতে পারেননি।









