
কেরলে প্রথমবার তালিকায় নাম তোলা এবং নবীন ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে অভিনব গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য নির্বাচন দপ্তর। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার রথন ইউ কেলকার জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে তিনটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কেরলে বিধানসভা নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামী ৯ এপ্রিল। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এবার যারা তালিকায় নাম তুলেছে এবং এবং ১৮ থেকে ৩০ বছর বয়সি ভোটারদের ভোটদানের পর বুথে টিফিন দেওয়া হবে। এক টাকার বিনিময়ে টিফিনে মিলবে চালের আটার রুটি এবং হালুয়া। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার জানিয়েছেন, ১৮ থেকে ৩০ বছর বয়সি প্রায় ৫০ লক্ষ ভোটার আছেন কেরলে। অতীতে নির্বাচনগুলিতে দেখা গিয়েছে এই বয়সি ভোটাররা বুথে কম আসছেন। নির্বাচন কমিশন এবার সর্বজনীন ভোটাধিকারকে বাস্তবায়ন করতে নবীন ভোটারদের উৎসাহ দানের অভিনব কর্মসূচি নিয়েছে।
সম্ভাব্য নবীন ভোটার কোন বুথে কতজন আসতে পারেন তার একটা আনুমানিক হিসাব ধরে টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। মাত্র ১ টাকা দিলেই মিলবে এই ব্রেকফাস্ট। তবে এখানেই শেষ নয়। নির্বাচন কমিশন ওলা এবং উবের এই দুটি অনলাইন ট্রান্সপোর্ট সার্ভিসের সঙ্গে বোঝাপড়া তৈরি করেছে। নবীন ভোটারদের বুথে আসা যাওয়ায় জন্য দু কিলোমিটারের জন্য কোনও ভাড়া মেটাতে হবে না। বাড়তি দূরত্বের জন্য ভাড়া দিতে হবে। তবে এক্ষেত্রে অন্যতম শর্ত হল বুথের নাম এবং নম্বর এবং ভোটার কার্ডের নম্বর দিয়ে রাইড বুক করতে হবে। বুথের পাশে নির্ধারিত জায়গায় সেই গাড়ি এসে পৌঁছলে ভোট কর্মীরা নির্ধারিত কাগজে সই করে দেবেন যাতে চালকেরা জেলা নির্বাচন দপ্তর থেকে ভাড়ার টাকা পেয়ে যান।








