
দুই গোষ্ঠীর গুলির লড়াই ও বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ফের উত্তপ্ত মণিপুর। জিরিবাম জেলায় নতুন করে গুলি চালানোর খবর পাওয়া গেছে।
পার্বত্য ও উপত্যকা উভয় অঞ্চলের সশস্ত্র দুই গোষ্ঠীর বন্দুকযুদ্ধের ফলে জিরিবামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।শুক্রবার মণিপুর পুলিশ জানিয়েছে, জাতিগত বিবাদ বিধ্বস্ত মণিপুরের জিরিবাম জেলায় অন্তত ছয়টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একটি উপজাতীয় গ্রামে জঙ্গিদের হামলা হয়।বাংলাভাষী অধ্যুষিত জিরিবাম জেলায় জাইরন হামার গ্রামটি উপজাতিদের। সেই গ্রামে ঢুকে জঙ্গিদের একটি দল বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। আক্রমণের সময় গ্রামবাসীরা পালিয়ে গিয়ে জঙ্গলে আশ্রয় নেয়।অগ্নিকাণ্ডের জেরে ছয়টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর ওই জেলায় পুলিশ ও অসম রাইফেলসের টহল চলছে। মণিপুরের জিরিবাম জেলার বাসিন্দাদের উপর বারবার হামলা হচ্ছে। আক্রমণের মুখে তারা ঘরছাড়া।
তাদের বড় অংশ ঢুকছেন প্রতিবেশী রাজ্য অসমের কাছাড় জেলায়। অসমের কাছাড় জেলার সদর শিলচর-সহ অন্যত্র ঘরছাড়া মণিপুরের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন।









