
বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ায় অসন্তুষ্ট রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন। যদিও ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায় ঘোষণাকে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে ব্যাখ্যা করলেও শেখ হাসিনাকে ফাঁসির সাজায় আপত্তি রয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের।
শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের ট্রাইবুনাল রায় ঘোষণার পরে সোমবার রাতে একটি বিবৃতি প্রকাশ করেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের মুখপাত্র রবিনা শামদাসানি। সেখানে তিনি লিখেছেন, এই রায় বাংলাদেশে গত বছরের বিক্ষোভের সময়ে দমন পীড়নের শিকার হওয়া ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বিবৃতিতে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধের অভিযোগ এবং অন্য জবাবদিহি চাওয়ার বিষয়গুলি যাতে ন্যায়বিচারের আন্তর্জাতিক মাপকাঠি যথাযথ ভাবে পূরণ করে, তা ধারাবাহিক ভাবে বলে আসছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন। শুধু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনই নয়, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীও এই রায়ের সমালোচনা করেছে।






