
মুরগি মারার অভিযোগে রাগে কাকা ও খুড়তুতো ভাইকে খুনের অভিযোগ উঠেছে ভাইপো ও ভাইঝির স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ঝাড়গ্রামের নয়াগ্রামের পাতিনায়। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে খবর, মৃত বাবা ও ছেলের নাম স্বরূপ নায়েক, অজয় নায়েক। জানা যাচ্ছে, বুধিয়া নায়েকদের একটি মুরগি দু’দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দেখা যায় মুরগিটি মারা গিয়েছে। বুধিয়ার পরিবারের সন্দেহ গিয়ে পড়ে স্বরূপ নায়েকদের উপর। আচমকা ধারালো অস্ত্র, লাঠি নিয়ে মৃতদের বাড়িতে চড়াও হয় বুধিয়ার ছেলে-জামাই। শুরু করে গালিগালাজ। এক পর্যায়ে অশান্তি চরম আকার নেয়। অভিযোগ, সেই সময়ই কাকা-খুড়তুতো ভাই-সহ পরিবারের সকলের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা।
৬ জন গুরুতর আহত হন। গুরুতর জখম হন ২ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা স্বরূপ ও তাঁর ছেলে অজয়কে মৃত বলে ঘোষনা করেন।









