
মুখরোচক কাবাব, সুগন্ধি বিরিয়ানি এবং মিষ্টি—ভোজনরসিকদের কাছে লখনউ মানেই এক টুকরো স্বর্গ। স্থানীয় বাসিন্দা বা পর্যটক, লখনউয়ের খাবারের জাদুতে মজে থাকেন সবাই।
গত মাসে ইউনেসকো লখনউকে ক্রিয়েটিভ সিটি অব গ্যাস্ট্রোনমি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি বিশ্বের নির্বাচিত কিছু শহরের তালিকায় যুক্ত হয়েছে এবং আশা জাগিয়েছে, লখনউর অসাধারণ খাবারের স্বীকৃতি আন্তর্জাতিক পর্যায়ে আরো ছড়িয়ে পড়বে। উল্লেখ্য,২০০৪ সালে ইউনেসকো সিদ্ধান্ত নেয়, বিশ্বের ঐতিহ্যবাহী শহরগুলোকে সাহিত্য, সংস্কৃতি, লোকশিল্প ও খাদ্য সংস্কৃতির নিরিখে বিবেচনা করে,দ্য ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক-এর আওতায় আনা হবে। এর মধ্যে খাবারের ঐতিহ্য, তার ধারাবাহিকতা ও উদযাপনের ওপর ভিত্তি করে দেওয়া হয় এই ক্রিয়েটিভ সিটি অব গ্যাস্ট্রোনমির তকমা। বিশ্বের ৪০৮টি শহর এই নেটওয়ার্কে।
ইউনেসকোর দক্ষিণ এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক টিম কার্টিস বলেন, এই স্বীকৃতি লখনউয়ের গভীর খাদ্য ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকেই তুলে ধরে।








