
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরদিনই ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে। প্রেমানন্দ মহারাজের আশ্রম থেকে ভাইরাল হয় তারকাদম্পতির ছবি-ভিডিও।
সেখানে আদ্যোপান্ত ধর্মীয় অবতারে ধরা দেন বিরাট-অনুষ্কা। প্রেমানন্দ মহারাজের সঙ্গে বিরাট-অনুষ্কার আধ্যাত্মিকচর্চার ভিডিও নিয়ে যখন সরগরম নেটপাড়া, তখন তার মাঝেই ভাইরাল হয়েছে আরেকটি নতুন ভিডিও। যেখানে অনুষ্কা শর্মার অযোধ্যার বাড়িতে সপরিবারে দেখা গিয়েছে কিং কোহলিকে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্কা সদ্য তাঁর মামাবাড়িতে পৌঁছেছেন। কোলে খুদে অকায়। দিদি ভামিকার ততোধিক উচ্ছ্বসিত। চার বছরের বিরাটকন্যার উচ্চতা যেন আরেকটু বেড়েছে। আর পাশেই জামাই বিরাট শশব্যস্ত। এদিকে নাতি-নাতনিকে দেখে বেজায় খুশি অনুষ্কার মা। দোরগোড়ায় দাঁড়িয়ে সকলকে স্বাগত জানাচ্ছেন। তবে বিরুষ্কার অনুরোধ অনুযায়ী দুই সন্তানের মুখ এই ভিডিওতেও ঢেকে দেওয়া হয়েছে। আর কোহলি পরিবারের এই মিষ্টি ভিডিওই বর্তমানে নেটপাড়ার চর্চায়। বিরাট-অনুষ্কা সাধারণত তাঁদের ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখতেই পছন্দ করেন।
তবে তাতেও কী আর ফ্যান ফলোয়ারদের কৌতূহল থামে? দেশে হোক বা বিদেশে, সবসময়েই পাপারাজ্জিদের লেন্সের তাক তাঁদের দিকে। যদিও ভাইরাল হওয়াল ভিডিও ক্লিপ কবেকার? সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে, তবে বিরাট-অনুষ্কার আদ্যোপান্ত পারিবারিক মুহূর্তের ঝলক ফাঁস হয়েছে, সেটা দেখে বেজায় উচ্ছ্বসিত ফ্যান ফলোয়াররা।









