
কেরলের ওয়েনাড়ে প্রথম ভাগ্যপরীক্ষায় নেমে ছক্কা হাঁকিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রায় ২ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোটযুদ্ধের অভিষেকেই ফুলমার্কস পেয়ে দাদা রাহুল গান্ধীর সঙ্গে সংসদে পদার্পন করতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী।
তবে তাঁর এই ভোট অভিষেককে স্মরণীয় করে রাখতে প্রাণপাত করেছে গোটা কংগ্রেস দল। প্রিয়াঙ্কা গান্ধী জিতছেন একপেশে ভাবেই। কেরলের ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে সিপিআই। বিজেপির নব্যা হরিদাস ওই কেন্দ্রে তৃতীয় স্থানে। ২০২৪ লোকসভা নির্বাচনে ৩ লাখ ৬৪ হাজারের বেশি ভোটে জেতেন রাহুল গান্ধী। কংগ্রেস চাইছিল রাহুল গান্ধীর সেই মার্জিন ছাপিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে ৫ লাখেরও বেশি ভোটে জেতাতে। কারণ ২০১৯ সালে ওয়েনাড়ে প্রথমবার পাঁচ লাখেরও বেশি ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী। আর প্রিয়াঙ্কা গান্ধীর জয়ের ফলে সংসদে একসঙ্গে প্রবেশ করছেন কংগ্রেসের ৩ গান্ধী। রাহুল গান্ধী রায়বরেলি থেকে সাংসদ হিসাবে লোকসভায় রয়েছেন।
প্রিয়াঙ্কা গান্ধীও ওয়ানড় থেকে জিতে সংসদে যাচ্ছেন। প্রথমবার ভাই-বোন একসঙ্গে লোকসভায় বিজেপিকে কি ভাবে নিশানা করবেন সেদিকে তাকিয়ে গোটা দেশ। অন্যদিকে, সনিয়া গান্ধী আগেই রাজ্যসভায় গিয়েছেন।
ছবি সৌজন্যে :ফেসবুক









