
জমি জালিয়াতির অভিযোগে ভাঙড়ের তৃণমূল নেতা রশিদ মোল্লা ও বিএলআরও অমিতাভ সেনগুপ্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছে একটি রিয়েলএষ্টেট কোম্পানি।
অভিযোগের প্রেক্ষিতে ৪২০, ৪৬৭, ৪৬৫, ৪০৯, ১২০বি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, হাতিশালায় ইনফোসিস এর পাশে একটি রিয়েলএষ্টেট কোম্পানির পাঁচিল ঘেরা জায়গা রয়েছে। সেই জায়গা স্থানীয় তৃণমূলনেতা রশিদ মোল্লা নিজের নামে করে নিয়েছিলেন। আরও অভিযোগ, ভাঙড় ২ ব্লক থেকে বদলি হওয়া বিএলআরও অমিতাভ সেনগুপ্ত সেই জমি রশিদ মোল্লার নামে মিউটেশন করিয়ে দিয়েছিলেন। এরপরেই দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ওই কোম্পানি। রাজ্যের বিএলআরও দপ্তরগুলিতে অসাধু চক্র ভাঙতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনিভাবে জমির চরিত্র বদল, মিউটেশনে দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রশাসনিক বৈঠকে সরব হয়েছিলেন তিনি। এরপর জেলাস্তরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ৪৫৬ জন আধিকারিককে একসঙ্গে বদলির নির্দেশ দিয়েছিল নবান্ন। সেই বদলির তালিকায় ছিলেন অমিতাভ সেনগুপ্ত। অভিযোগ, রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব খাটিযে কোটি কোটি টাকার এই জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা রশিদ মোল্লার বিরুদ্ধে।









