
দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে তাঁকে উৎখাত করতে চায় বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন আতিশী মারলেনা।
তাঁর অভিযোগ, দিল্লির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নাকি কেন্দ্রের কাছ থেকে বাড়ি খালি করার নোটিস পেয়েছেন তিনি।মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, গত তিন মাসের মধ্যে দ্বিতীয়বার তাঁর জন্য বরাদ্দ ৬, ফ্ল্যাগ স্টাফ রোডের মুখ্যমন্ত্রীর বাসভবন বাতিল করেছে। তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন বিজেপি তাঁর জিনিসপত্র রাস্তায় ফেলে দিয়েছিল। বিজেপি তাঁর বাড়ি ছিনিয়ে নিতে পারে, তাদের কাজে বাধা দিতে পারে কিন্তু মানুষের জন্য কাজ করার যে আবেগ, সেটা থামাতে পারবে না। বাড়ি থেকে উচ্ছেদ করা হলেও তিনি পিছুপা হবেন না, এমন ইঙ্গিত দিয়ে আতিশী মারলেনা বলেছেন, প্রয়োজন পড়লে তিনি দিল্লির মানুষের বাড়িতে থাকবেন। সেখান থেকেই দিল্লিবাসীর জন্য কাজ করে যাবেন।কেন্দ্রের নোটিসে দিল্লির মুখ্যমন্ত্রীকে দু’টি বাসভবনের মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছে।
একটি রাজ নিবাস রোডে, অন্যটি দরিয়াগঞ্জ আনসারি রোডে। তবে এ ব্যাপারে দিল্লি সরকারের তরফে কিছু জানানো হয়নি।









