
প্রয়াত হয়েছেন সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
সূত্রের খবর, বিগত কয়েক দিন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ সারদা মঠের সদর দফতরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আনন্দপ্রাণা মাতাজি। জানা গিয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ থেকে প্রব্রাজিকা আনন্দপ্রাণার দেহ দক্ষিণেশ্বরে সারদা মঠের প্রধান কার্যালয়ে রাখা থাকবে। সেখানেই ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন বলে সারদা মঠ সূত্রে জানানো হয়েছে। তার পরই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।সারদা মঠের পঞ্চম সভাপতি ছিলেন প্রব্রাজিকা আনন্দপ্রাণা। ১৯২৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বেলুড় মঠের সপ্তম সভাপতি স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। ১৯৫৭ সালে প্রব্রাজিকা আনন্দপ্রাণা বাগবাজার নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে সারদা মঠের সঙ্গে জুড়ে যান তিনি। ২০২২ সালে এই মঠের চতুর্থ সভাপতি প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসানের পর, ২০২৩ সালের ১৪ জানুয়ারি ওই স্থলাভিশিক্ত হন আনন্দপ্রাণা মাতাজি।









