
সুন্দরবনে জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে যুবককে তুলে নিয়ে গেল বাঘ। জানা গিয়েছে ৩ দিন আগে ৭ জনের একটি দল পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায় বাসিন্দা বছর ৩০-র গোপাল মল্লিক নৌকা নিয়ে জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন।
সকালে মৌচাক ভেঙে মধু সংগ্রহের পর নৌকায় বসে খাওয়াদাওয়া করছিল। সেই সময় চুপিসারে নৌকার ওপর ঝাঁপিয়ে পড়ে গোপালকে তুলে নিয়ে জঙ্গলে পালায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার। নৌকায় থাকা অন্যান্যরা বাঘের পিছনে তাড়া করলেও গোপালকে কামড়ে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায় বাঘটি। পরিবারের সদস্যরা গোবর্ধনপুর কোস্টাল থানা এবং বনদফতরে লিখিত অভিযোগ দায়ের করেছে। গোপালের স্ত্রী ছাড়াও ২ মেয়ে এবং এক ছেলে রয়েছে। যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।









