
সোমবার থেকে রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে। সেই সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিকেলের দিকে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে গরমের অস্বস্তি বজায় থাকবে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে হাওয়ার বেগ কিছুটা কমলেও বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।









