
ট্রেনের ধাক্কায় ঝাড়গ্রামে মৃত্যু হয়েছে শাবক সহ তিনটি হাতির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বাঁশতলা ও সরডিহা স্টেশনের মধ্যে।
রেললাইন দিয়ে পার হচ্ছিল হাতিগুলি। তখনই ট্রেনের ধাক্কায় কাটা পড়েছে তিনটি হাতি। ঘটনাস্থলে গিয়েছেন বন বিভাগের আধিকারিকরা। রেললাইনে হাতির দেহ পড়ে থাকায় ব্যাহত হয়েছে খড়গপুর টাটা সেকশনে ট্রেন চলাচল। বন দফতর ও রেল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে। ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জ এলাকায়, বাশতলার দিকে প্রায় ১০টি হাতিকে ড্রাইভ করা হচ্ছিল। তখনই ওই লাইন দিয়ে যায় একটি দূরপাল্লার ট্রেন। দ্রুতগামী ওই ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে তিনটি হাতির। এর মধ্যে দুটি শাবক বলে জানা যাচ্ছে। আরও খবর, ওই দলে ছিল প্রায় ১০টি হাতি।
ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যুর পরে রেললাইনে এসে দাঁড়িয়ে যায় অন্য হাতিগুলি। ফলে বন্ধ থাকে ওই লাইনে ট্রেন চলাচল।









