
সল্টলেকে পুলিশের মারে কোমর ভাঙল সরকারি আইনজীবীর। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মনুজেন্দ্রনারায়ণ রায়ের আইনজীবী ছেলেকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে মদ্যপ ২ পুলিশকর্মীর বিরুদ্ধে।
জানা গিয়েছে বুধবার রাতে সল্টলেকের একে ব্লকে গাড়ি আনতে যাচ্ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নাতি সৌরীন্দ্রনারায়ণ রায়। অভিযোগ সেই সময় সিভিল ড্রেসে থাকা ২ জন পুলিশকর্মী তাঁকে আটকায়। অভিযোগ তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। পরিচয় জানতে চেয়ে কেস দিয়ে দেওয়ার ভয় দেখায়। এরপরেই বচসা শুরু হয়। অভিযোগ তখনই ২ পুলিশকর্মী তাঁকে রাস্তায় ফেলে মারতে থাকে। কোনওরকমে বাবাকে ফোন করেন সৌরীন্দ্রনারায়ণ। সেই সময় সৌরীন্দ্র-র বাবা সরকারি আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ চেম্বারে ছিলেন। ছেলেকে বাঁচাতে এলে তাঁকেও মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। অভিযোগ এতেই পেলভিসের বাঁ দিকের হাড় ভেঙে গিয়েছে তাঁর। গুরুতর জখম অবস্থায় মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে মনুজেন্দ্রনারায়ণকে।
বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবারই ওই ঘটনায় দ্রুত শুনানি চেয়ে কয়েকজন আইনজীবী আদালতে দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।









