
লোকসভা ভোটে হারের এক সপ্তাহের মধ্যেই আবার সাংসদ পদের দৌড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। এবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় প্রবেশাধিকার পাওয়ার লড়াইয়ে নামতে চলেছেন তিনি। মহারাষ্ট্রের একটি রাজ্যসভা আসনের উপনির্বাচনে এনসিপি-র প্রার্থী হিসাবে বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেছেন তিনি। লোকসভা ভোটে এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের কাছে বারামতী কেন্দ্রে পরাস্ত হয়েছেন সুনেত্রা পাওয়ার। সার্বিকভাবেও মহারাষ্ট্রে এনসিপি (শরদ)-র কাছে পর্যুদস্ত হয়েছে অজিত পাওয়ারের দল। রবিবার নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় অজিত পাওয়ার দলের কাউকে শপথ নিতে দেখা যায়নি। এই পরিস্থিতিতে জল্পনা ছড়িয়েছে, আবার কাকা শরদ পাওয়ারের শিবিরে ফিরতে পারেন অজিত পাওয়ার।এদিকে, রাজ্যসভার একটি মাত্র আসনে উপনির্বাচনে অবশ্য সুনেত্রা পাওয়ারের জয় নিশ্চিত। ২৬ জুন রাজ্যসভা উপনির্বাচনে সুনেত্রা পাওয়ার জেতার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্র রাজনীতিতে।









