
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বায়োপিক,মাইকেল-এর টিজার।
মুক্তি পাওয়া মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের এই টিজার সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ঝড় তুলেছে। ফ্যানদের উচ্ছ্বাস প্রমাণ করছে ,কিং অব পপ-এর প্রতি ভালোবাসা এখনও অম্লান।অফিসিয়াল এই টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ।মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এটি প্রায় পাঁচ লাখ ভিউ ছুঁয়েছে ইউটিউবে। ফ্যানদের মতে, আসছে বছরে এটি হতে পারে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর একটি।নির্মাতাদের ভাষ্য অনুযায়ী,মাইকেল শুধু একজন শিল্পীর সাফল্যের গল্প নয়,এটি তার জীবন, সংগ্রাম, উত্তরাধিকার ও মানসিক যাত্রার প্রতিচ্ছবি। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বিশ্ব তারকা হয়ে ওঠা পর্যন্ত মাইকেলের সংগীতজীবনের পাশাপাশি মঞ্চের বাইরের অজানা দিকগুলোও এতে উঠে এসেছে।সবচেয়ে বড় চমক হলো, এই সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন।ট্রেলারে তাকে দেখা গেছে বিখ্যাত মুনওয়াক, থ্রিলার নাচ এবং মঞ্চের পারফরম্যান্সগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তুলতে। দর্শকরা বলছেন, রক্তও কথা বলে। জাফারের দেহভঙ্গি, পোশাক ও স্টেপে যেন জীবন্ত হয়ে উঠেছে মাইকেল জ্যাকসন নিজেই।শেষ দৃশ্যে জাফারকে দেখা যায়,থ্রিলার-এর আইকনিক লাল জ্যাকেটে, জম্বিদের সঙ্গে নাচছেন, আর মঞ্চে সিগনেচার স্টেপে মাতাচ্ছেন দর্শক। কুইন্সির শেষ সংলাপ,ভেতরে পা স্থির রাখো, আমার বন্ধু।বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া, চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।
ফ্যানদের মতে, এটি শুধুই একটি সিনেমা নয়, বরং সংগীত ইতিহাসের এক কিংবদন্তির নতুন করে পুনর্জন্ম।







