
স্কুলে পরীক্ষা দিতে গিয়ে বাড়ি ফেরেনি হুগলির বৈদ্যবাটির এক পড়ুয়া। শনিবার থেকে নিখোঁজ সে। দু’দিন কেটে গেলেও পুত্রের কোনও সন্ধান না-পাওয়ায় চিন্তায় বাবা-মা।
তার খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছে শেওড়াফুলির মান্না পরিবার। জানা গিয়েছে, শনিবার বাড়ি থেকে স্নান-খাওয়া সেরে স্কুলে যায় শিব মান্না নামে ওই পড়ুয়া। বৈদ্যবাটির বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে সপ্তম শ্রেণির ছাত্র সে। শনিবার স্কুলে শারীরশিক্ষার পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল শিব। আধ ঘণ্টার পরীক্ষা হলেও শেষ হওয়ার কিছু আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে যায় সে। তার পরে আর বাড়ি যায়নি শিব। শেওড়াফুলির গড়বাগানের বাসিন্দা শিব। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, পরীক্ষা দিতে আসে শিব।
তার পরনে স্কুল পোশাকের উপর ছিল গেরুয়া রঙের একটা জ্যাকেটও। শিব বাড়ি না-ফেরায় পুলিশ-প্রশাসনের কাছে নিখোঁজ ডায়েরি করে পরিবার।









