
হাওড়ার ডোমজুড়ের নিবড়াতে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। পুলিশ সূত্রে খবর একজন মহিলা পথচারী নিবড়া বাসস্ট্যান্ডের কাছে যখন রাস্তা পার হচ্ছিল সেই সময় দ্রুতগতিতে একটি বাইক ওই মহিলাকে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই ছিটকে পড়েন ওই মহিলা। বাইক রাস্তায় উল্টে গেলে দু’জন বাইক আরোহী গুরুতর জখম হয়। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে আহত মহিলা এবং বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাইক চালকের মৃত্যু হলেও পিছনে বসা আরোহী জখম হয়।
সে এখন চিকিৎসাধীন রয়েছে। পুলিশ সূত্রে খবর মৃত বাইক চালকের পরিচয় জানা গেলেও মহিলার পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে খোঁজখবর।









