
মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, গান্ধীজি স্বদেশি-র আহ্বানই বিকশিত ভারতের মূল ভিত্তি।
ভারতের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধীর আত্মত্যাগকে স্মরণ করতে প্রতি বছর ৩০ জানুয়ারি তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয় ৷ এই দিনটি শহিদ দিবস হিসেবেও পরিচিত৷ শুক্রবার সকালেই রাজঘাটে গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কাণ্ডারির মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করে প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা স্টাফের প্রধানরাও উপস্থিত ছিলেন সেখানে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর অবদানকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা।








