
তেহরানে মার্কিন হামলার পরে এ বার পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে ইরান। হামলার প্রাথমিক ধাক্কার কিছু ক্ষণের মধ্যেই ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছু়ড়েছে তেহরান।
ইরানের সংবাদসংস্থা জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার এবং বাহরিনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা শুরু করেছে ইরানি বাহিনী। সংবাদ সংস্থা জানাচ্ছে, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। আমেরিকা এবং ইজরায়েলের বাহিনী তেহরানে হামলার পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা।
পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সেনা ছাউনি রয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেই সেনাঘাঁটিগুলিকেই লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান। এক সঙ্গে আমেরিকার অন্তত ছয় বন্ধু দেশে হামলা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।ইজরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহারিন, ইরাক, সৌদি আরব এবং জর্ডনে উত্তেজনা ছড়িয়েছে।









