
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বলবয়কে ধাক্কা মেরে আলোচনার মধ্যে প্রিমিয়ার লিগের এক ঘটনায় শাস্তি পেলেন পেদ্রো নেতো।অসদাচরণের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৭০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হলো চেলসির ফরোয়ার্ডকে।
এই মাসের প্রথম দিন আর্সেনালের মাঠে চেলসির ২-১ গোলে হারের ম্যাচে তিন মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখেন নেতো, যার প্রথমটি আর্সেনালের গোলের পর অসন্তুষ্টি প্রকাশের জন্য এবং দ্বিতীয়টি গাব্রিয়েল মার্তিনেল্লিকে ফাউল করার জন্য।ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ,এফএ এক বিবৃতিতে জানিয়েছে, ৭০ মিনিটে লাল কার্ড পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মাঠ ছেড়ে না গিয়ে ম্যাচ অফিসিয়ালদের প্রতি অশালীন শব্দ ব্যবহার করে অনুপযুক্ত আচরণ করেছেন নেতো।২৬ বছর বয়সী ফুটবলার পেদ্রো নেতো,তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।এর ফলে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তিনি খেলতে পারবেন না।
এই সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির ফুটবলারদের নবম লাল কার্ডের ঘটনা এটি।চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে দলের ৫-২ গোলে হারের ম্যাচে বলবয়কে ধাক্কা মেরে খবরের শিরোনাম হন নেতো। ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেও, উয়েফার শাস্তির মুখোমুখি হতে পারেন তিনি।









