
সাধারণতঃ বলা হয় ধূমপান করলে ক্যান্সার বা হার্টের রোগ হয়। কিন্তু জানেন কি, আপনার এই অভ্যাসটি নিঃশব্দে আপনার হাড়গুলোকেও খেয়ে ফেলছে? এখন বলা হচ্ছে ৪৫-৫০ বছর বয়সের পর যে হাঁটু, কোমর বা হাড়ের ব্যথা শুরু হয়, তার অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত তামাক সেবন।
এখন প্রশ্ন হলো,ধূমপান কেন হাড়ের শত্রু? উত্তর হলো,পুষ্টি বাধাগ্রস্ত হয়,নিকোটিন রক্তনালীকে সরু করে দেয়। ফলে হাড়ের কোষে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে পারে না।এদিকে ধূমপায়ীদের শরীর খাবার থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম শোষণ করতে পারে না। ফলে হাড় ভেতর থেকে ভঙ্গুর হতে থাকে। পাশাপাশি, হাড়ের ঘনত্ব কমে যাওয়ায় অস্টিয়োপোরোসিস নামক রোগ হয়। এতে সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।গবেষণায় দেখা গেছে, একজন অধূমপায়ীর তুলনায় ধূমপায়ীর ভাঙা হাড় জোড়া লাগতে অনেক বেশি সময় লাগে।
কারণ নিকোটিন নতুন হাড় তৈরির কোষ গঠনে বাধা দেয়।এছাড়া,হাড়ের অস্ত্রোপচারের পর ধূমপায়ীদের ইনফেকশন হওয়ার ভয় সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে। এই অবস্থায় সুস্থ থাকতে হাড়ের ক্ষয় রোধে এবং পঙ্গুত্ব এড়াতে ধূমপান পুরোপুরি ছেড়ে দেওয়াই একমাত্র পথ।প্রতিদিনের খাদ্যতালিকায় ক্যালশিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখুন। পাশাপাশি হাড় মজবুত রাখতে নিয়মিত শরীরচর্চা বা হাঁটাচলা করার অভ্যাস গড়ে তুলুন।






