
আরও একটি মার্কিন রণতরী পৌঁছে গিয়েছে পশ্চিম এশিয়ায়। রিপোর্ট অনুযায়ী, ৯০টি যুদ্ধবিমান এবং ৫০০০ সেনা নিয়ে ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নোঙর করেছে রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ।
আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সেটি পশ্চিম এশিয়ায় পৌঁছেছে। ফলে সামরিক সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় এই মুহূর্তে আমেরিকার তিনটি রণতরী মোতায়েন করা হল। উল্লেখ্য ইউএসএস বুশ মার্কিন নৌসেনার সুপার ক্যারিয়ার। ২০০৯ সালে এটিকে মার্কিন সেনার অন্তর্ভুক্ত করা হয়। এই রণতরীর নাম আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লু বুশের নামে রাখা হয়েছে।এটিকে ফ্লোটিং এয়ারবেস বা ভাসমান বায়ুসেনাঘাঁটিও বলা হয়। এই রণতরী থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও বিমান হামলা চালানো যেতে পারে। এই রণতরী পরমাণু শক্তিতে চলে। ফলে জ্বালানি ভরার কোনও প্রয়োজন হয় না। টানা কয়েক বছর সমুদ্রে সফর করতে পারে।এই রণতরীর ওজন এক লক্ষ ২ হাজার টন। দৈর্ঘ্য ১০৯২ ফুট। অর্থাৎ তিনটে প্রমাণ আকৃতির ফুটবল মাঠের সমান। ২৫২ ফুট চওড়া। ৩০ নটিক্যাল মাইল অর্থাৎ ঘণ্টায় ৫৬ কিলোমিটার গতিবেগে জলপথে চলতে পারে এই রণতরী। এই রণতরীতে দু’টি এ৪ডব্লিউ পরমাণু রিয়্যাক্টর রয়েছে। যা প্রায় ২০-২৫ বছর পর্যন্ত কোনও রিফুয়েলিং ছাড়াই চলতে পারে।
জাহাজে ৩২০০ নাবিক, এয়ার উইংয়ের ২৪৮০ সদস্য মিলিয়ে মোট ৫০০০ সেনা রয়েছে। এই রণতরী ৬০-৯০টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার বহন করতে পারে।








