
ভোট মিটতেই ফের বৃদ্ধি পেল অটো চালানোর জন্য ব্যবহৃত এলপিজির দাম। ১ মে থেকে অটো-এলপিজির দাম লিটারপিছু ৬ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেয়েছে।
অটো চালানোর জন্য ব্যবহৃত জ্বালানির দাম এত দিন ছিল ৮২ টাকা ৯৬ পয়সা। শুক্রবার থেকে তা বৃদ্ধি পেয়ে হল ৮৯ টাকা ৪০ পয়সা। গত জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে মোট ৩৭ টাকা ৭৫ পয়সা বৃদ্ধি পেয়েছে অটো-এলপিজির দাম। জানুয়ারিতে অটো-এলপিজির লিটারপিছু দাম ছিল ৫১ টাকা ৬৫ পয়সা। ফেব্রুয়ারিতে তা বৃদ্ধি পেয়ে হয় ৫৭ টাকা ৬৮ পয়সা। মার্চে দু’দফায় বৃদ্ধি পায় দাম। প্রথমে ১১ মার্চ লিটারপিছু অটো-এলপিজির দাম বেড়ে হয় ৬২ টাকা ৬৮ পয়সা। এর পরে ২০ মার্চ ফের একদফা দাম বৃদ্ধি পেয়ে হয় ৭০ টাকা ৬৮ পয়সা। গত মাসে, ১ এপ্রিল তা আবার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮২ টাকা ৯৬ পয়সা। এমতাবস্থায় যাত্রী পরিষেবা নিয়ে চিন্তিত অটোচালকদের একাংশও। অটোর ভাড়া ফের বৃদ্ধি করলে যাত্রী পেতে সমস্যা হতে পারে বলে মনে করছেন তাঁরা। তাঁদের বক্তব্য, জ্বালানির এই খরচে অটো রাস্তায় নামানোই মুশকিল। অথচ না নামালে আয় হবে না। এক অটোচালক বলছেন, গ্যাসের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে। এর পরে গাড়ি আর চালানোই যাবে না। এখন যদি আমরা দাম বাড়িয়েই যাই, প্যাসেঞ্জারেরা আর কত দেবে! পাশাপাশি মে মাসের শুরু থেকে বৃদ্ধি পেয়েছে রান্নার জন্য বাণিজ্যিক সিলিন্ডারের দামও। সিলিন্ডারপিছু দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতেই জানানো হয়, মে মাস থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ৩২০২ টাকা।
তবে, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাই রয়েছে।






