
ঘড়িতে তখন দুপুর ১টা বেজে ৪৫ মিনিট। বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নেমেছিলেন হরিয়ানার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেতা অশোক তানওয়ার।
কিন্তু এক ঘণ্টার মধ্যে ছবিটা বদলে গেল। বিকেলে খোদ রাহুল গান্ধীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নিয়েছেন সেই অশোক তানওয়ার। ফিরেছেন নিজের পুরনো দলে। দু’দিন পরে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনা নতুন উত্তাপ যোগ করেছে রাজ্য রাজনীতিতে।হরিয়ানার জনপ্রিয় দলিত নেতা অশোক তানওয়ার। ২০১৯ সালে কংগ্রেস ছেড়েছিলেন তিনি। তারপর অনেক দলে ঘুরেছেন। প্রথমে কিছু দিনের জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। ২০২২ সালে যোগ দেন আম আদমি পার্টিতে। তারপর চলতি বছরের শুরুর দিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন অশোক তানওয়ার। ভোটের মুখে আবার কংগ্রেসেই ফিরলেন তিনি। তাঁর এই যোগদান ভোটপ্রচারের শেষলগ্নে হরিয়ানায় কংগ্রেসকে নতুন অক্সিজেন জোগাবে বলে মনে করছেন অনেকে।









