
জার্মানির গুরুদ্বারের ভিতরেই খণ্ডযুদ্ধ। প্রার্থনাস্থলে ঝরল রক্ত।
হাতাহাতি থেকে ছুরি মেরে আঘাত। বন্দুক বের করে গুলি চালানোর সঙ্গে সঙ্গে একে অন্যের চোখে পেপার স্প্রে করারও অভিযোগ উঠেছে। দু’পক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে জার্মানির মোয়ার্স শহরের ডুইসবুর্গের এক গুরুদ্বার। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গুরুদ্বারের ভিতর হওয়া এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পুলিশের বড় বাহিনী। বিশেষ ট্যাকটিক্যাল ইউনিটও মোতায়েন করা হয়। ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, সোমবার গুরুদ্বারের ভিতরে প্রার্থনার ঠিক আগে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত কয়েকজনের মধ্যে চেঁচামেচি শুরু হয়। তার পরেই তাদের মধ্যে কেউ পেপার স্প্রে ব্যবহার করায় পরিস্থিতির অবনতি ঘটে। শুরু হয়ে যায় হাতাহাতি, মারধর। এর মধ্যে কৃপাণও চালানো হয় বলে অভিযোগ।
গোলমালের মধ্যেই কোনও এক জন পিস্তল বার করে শূন্য গুলি ছুড়তে থাকে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে, যদিও ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি।









