
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে তিনি ব্রিটেন রওনা হওয়ার পরেই বিএনপিতে নেতৃত্ব বদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বেশ কিছু দিন ধরেই গুরুতর অসুস্থ। তাঁর পুত্র তারেক গত কয়েক বছর ধরে বিদেশে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলায় মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তারেকের জেলের সাজা হয়েছিল। গ্রেফতারি এড়াতে তিনি আর বাংলাদেশে ফেরেননি। এই পরিস্থিতিতে কার্যত মহাসচিব ফখরুল দল পরিচালনা করছেন।
৫ অগাস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারেকের স্ত্রী জোবায়েদা রহমানের আয় বহির্ভূত সম্পত্তির মামলায় সাজার আদেশ স্থগিত করেছে। এই পরিস্থিতিতে খালেদা-পুত্র দেশে ফিরে আনুষ্ঠানিক ভাবে দলের দায়িত্ব নিতে পারেন বলে জল্পনা রয়েছে।









