
দফায় দফায় আলোচনার পরে আমেরিকা এবং চিনের মধ্যে তিন মাসের জন্য শুল্কযুদ্ধের স্থগিতাদেশ হয়েছে জেনেভা বৈঠকে। আপাতত ৯০ দিনের জন্য দু’পক্ষই একে অন্যের পণ্যের উপর শুল্কের হার ১১৫ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন রাজস্বসচিব স্কট বেসান্ত জানিয়েছেন, ৯০ দিনের জন্য ১১৫ শতাংশ শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দু’দেশই।
শুল্কে আমেরিকা এবং চিনের তিন মাসের যুদ্ধবিরতি’র সিদ্ধান্তের ফলে এখন চিনা বাজারে মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ এবং আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পরেই চিনের সঙ্গে সরাসরি শুল্কযুদ্ধ নেমে পড়েন। পরে ভারত-সহ আরও বিভিন্ন দেশের উপর শুল্ক চাপান ট্রাম্প।
শুল্কযুদ্ধে প্রত্যাঘাত করে বেজিংও। পরে অন্য দেশগুলির উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখলেও চিনকে সেই ছাড় দেয়নি ট্রাম্প প্রশাসন। এই আবহে গত শনিবার সুইৎজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চপদস্থ কর্তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। ওই বৈঠকের পরেই শুল্কযুদ্ধে সাময়িক ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং চিন।








