
দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণের ঘটনায় এ বার উত্তরপ্রদেশের কানপুর থেকে আরও এক চিকিৎসককে আটক করেছে সন্ত্রাসদমন শাখা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃত চিকিৎসক মহম্মদ আরিফ।
কানপুরে এক ভাড়াবাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে ওই যুবককে আটক করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লিকাণ্ডে ধৃত মহিলা চিকিৎসক শাহিন সিদ্দিকির সঙ্গেও যোগাযোগ ছিল ধৃত যুবকের। সেই সূত্র ধরেই তাঁর খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। মহম্মদ আরিফ পড়াশোনা করেছেন হৃদ্রোগবিদ্যা নিয়ে। কানপুরের অশোকনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন আরিফ। একই সঙ্গে চণ্ডীগড় ও পঞ্জাবের মোহালির চার-পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে আরও এক জনকে আটক করেছে এনআইএ।
তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু তা-ই নয়, গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ডিসেম্বর মাসে দিল্লির ছ’টি জায়গায় ধারাবাহিক বোমা হামলার পরিকল্পনা ছিল শাহিন, মুজাম্মিল, উমরদের।







