
গঙ্গাসাগর মেলার শুরুর মাঝেই কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধেয় কচুবেড়িয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হঠাৎ করেই আগুন লেগে যায়।
দাউ দাউ করে জ্বলতে থাকে পুলিশ ক্যাম্প। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন লেগে ভস্মীভূত হয়েছে ডোমজুড়ের দড়ি কারখানার গোডাউনও। রবিবার সকালে হঠাৎ করেই আগুন লেগে যায় গোডাউনে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনটি। আশেপাশে আরও বেশকিছু কারখানা থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। জানা গিয়েছে যখন আগুন লেগেছিল তখন কয়েকজন কর্মী ওই গোডাউনের ভিতরেই কাজ করছিলেন। প্রচুর দাহ্য বস্তু, পাট গোডাউনে মজুত থাকার ফলে আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। অল্প সময়েই ভয়ঙ্কর আকার ধারণ করে। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় গ্রাস করে কারখানা, গোডাউন।
কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।








