
অ্যাপলের বহুল প্রতীক্ষিত ফোল্ডএবল আইফোন বাজারে আসা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রাথমিক উৎপাদন পরীক্ষার সময় ডিসপ্লে ও স্থায়িত্ব সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় ফোনটি ২০২৬ সালের নির্ধারিত সময়ে আসবে নাকি আরও দেরি হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বলা হচ্ছে,অ্যাপল তাদের ভাঁজ করা যায় এমন বা ফোল্ডএবল আইফোন তৈরি করতে গিয়ে প্রত্যাশার চেয়েও বেশি সমস্যার মুখে পড়েছে। ফলে ফোনটি বাজারে আসার সময় পিছিয়ে যেতে পারে। এ প্রকল্পের সঙ্গে জড়িত একাধিক সূত্র বলেছে, ফোনের প্রাথমিক উৎপাদন পরীক্ষার সময় কিছু প্রকৌশলগত জটিলতা দেখা দিয়েছে। ফলে প্রথম চালানের সরবরাহ কয়েক মাস দেরি হতে পারে।তবে অন্য এক সূত্রে এমন দাবিকে অস্বীকার করা হয়েছে। সূত্র বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে ফোনটির ব্যাপক উৎপাদনের সময়সীমা ঝুঁকির মুখে পড়তে পারে। এপ্রিল মাসটি ফোনের ইঞ্জিনিয়ারিং ভেরিফিকেশন টেস্ট যা কারিগরি বিষয়াদি যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ এক ধাপ এবং এ মাস থেকে মে মাসের শুরু পর্যন্ত সময়টি খুবই নাজুক।
যন্ত্রাংশ সরবরাহকারী বিভিন্ন কোম্পানিকে এরইমধ্যে উৎপাদন পিছিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে এবং অ্যাপল এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে বলা হচ্ছে, ডিভাইসটির উন্নয়ন এখনও ২০২৬ সালের সেপ্টেম্বরে বাজারে আসার লক্ষ্য ঠিক রেখেই এগোচ্ছে। অ্যাপল সম্ভবত পরিকল্পনা করছে প্রচলিত সিরিজের বিভিন্ন আইফোন মডেলের সঙ্গে বা এর ঠিক পরপরই ফোল্ডএবল ফোন বাজারে ছাড়ার। এই সময়সীমা এখনও চূড়ান্ত নয় এবং উৎপাদন শুরু হওয়ার আগে আরও নতুন সমস্যা দেখা দিতে পারে।









